ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে যা জানা যাচ্ছে

যুক্তরাষ্ট্রের হামলা চালানাে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনার একটি ফোর্দোর স্যাটেলাইট চিত্র

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

"মনে রাখবেন, এখনও অনেক টার্গেট বাকি। সেগুলোর মধ্যে আজ রাতের টার্গেট ছিল সবচেয়ে কঠিন, আর সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী," এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে বলেন মি. ট্রাম্প।

"কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, আমরা নির্ভুল নিশানা, গতি এবং দক্ষতায় অন্য লক্ষ্যগুলোতেও আঘাত করব।"

শনিবার রাতের হামলার লক্ষ্যগুলোর একটি ছিল ফোর্দো, ইরানের দূরবর্তী পাহাড়ি এলাকার ভেতর লুকানো একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার পরিকল্পনায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে "পূর্ণ সমন্বয়" করেছে।

যুক্তরাষ্ট্র শনিবার কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, তাদের পরিকল্পনা বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ এবং তারা "সরকার পরিবর্তনের চেষ্টা" করছে না।

মার্কিন কর্মকর্তাদের বরাতে বিবিসির মার্কিন সহযোগী গণমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

এখন ইরান পাল্টা জবাবে ওই অঞ্চলের মার্কিন সামরিক স্থাপনাকে টার্গেট করতে পারে।